Image description

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে নিজ জমিতে চাষাবাদ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোশাররফ (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া থানার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোশাররফ তার পৈতৃক কৃষিজমিতে কাজ করছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়। আহত মোশাররফ উপজেলার জয়নগরের পচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলির একটি অংশ বের করেছেন। তবে শরীরের ভেতরে আরও গুলির অংশ রয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তার নিবিড় চিকিৎসা চলছে।

সীমান্তে বিনা উসকানিতে বিএসএফের এমন গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ডিআর