Image description

ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কর্মকর্তারা জানান, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে প্রথমে সড়ক দুর্ঘটনা ঘটে। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার পর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে হতাহতদের সংখ্যা জানানো হয়েছে। ফলে এ সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রী ওঠানামার জন্য থেমে থাকা একটি বাসকে একটি জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় আট লাখ মানুষ আহত হন।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

এসএস