গত দুই দশক ধরে ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে মেসি-রোনালদো দ্বৈরথে। যাদের শ্রেষ্ঠত্ব নিয়ে ফুটবল ভক্তদের তর্কের শেষ নেই, সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মাঠ মাতাবেন একই দলের জার্সি গায়ে। ফুটবলপ্রেমীদের এই বহুল প্রতীক্ষিত স্বপ্নের কথা নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার কার্লোস তেভেজ।
গোল ডটকম ও ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’র বরাতে জানা গেছে, ২০২৬ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ। এই ম্যাচেই ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলে খেলার আমন্ত্রণ জানিয়েছেন তেভেজ।
খেলোয়াড়ি জীবনে তেভেজের এক অনন্য রেকর্ড হলো তিনি মেসি ও রোনালদো—উভয়ের সঙ্গেই সতীর্থ হিসেবে ড্রেসিংরুম শেয়ার করেছেন। আর্জেন্টিনা জাতীয় দলে তিনি ছিলেন মেসির সতীর্থ, আর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদোর কাঁধে কাঁধ মিলিয়ে। সেই সুসম্পর্ক থেকেই এই দুই মহাতারকাকে এক করার উদ্যোগ নিয়েছেন তিনি।
তেভেজ এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের রোমাঞ্চ প্রকাশ করে বলেন, ‘আমি সবসময়ই চেয়েছি ক্রিশ্চিয়ানো ও লিওকে একই দলে খেলতে দেখতে। তারা সর্বকালের সেরা দুই খেলোয়াড়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং ক্রিশ্চিয়ানোকে বলেছি—আমি চাই তুমি ও মেসি আমার বিদায়ী ম্যাচে একই দলে খেলো। যাতে পুরো বিশ্ব একবারের জন্য হলেও এই জাদু একসঙ্গে দেখতে পারে।’
তেভেজ আরও জানান, রোনালদো তাকে আসার ব্যাপারে কথা দিয়েছেন এবং লিওনেল মেসিকেও রাজি করানো খুব একটা কঠিন ছিল না। দুজনেই এই বিশেষ ম্যাচে অংশ নিতে সম্মতি জানিয়েছেন।
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই দুই প্রতিদ্বন্দ্বীকে কখনো একই দলে খেলতে দেখা যায়নি। ফলে ২০২৬ সালে তেভেজের বিদায়ী ম্যাচে যদি সত্যিই এই দুই মহাতারকা একসঙ্গে মাঠে নামেন, তবে তা ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে নথিবদ্ধ হয়ে থাকবে।
ডিআর




Comments