Image description

গার্মেন্টস ফেব্রিক আমদানির ঘোষণা দিয়ে বিশেষ কৌশলে কাপড়ের রোলের ভেতরে লুকিয়ে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফএফ কার্গো নামক আমদানিকারক প্রতিষ্ঠানের একটি চালানে তল্লাশি চালানো হয়। চালানটি গত ৩১ আগস্ট হংকং এয়ার কার্গোর RH-6651 ফ্লাইটে চীন থেকে বাংলাদেশে এসেছিল। যার এয়ারওয়ে বিল নম্বর ৮২৮-৫৬৭৮২৪১২। আমদানিকারকের ঘোষণাপত্রে পণ্যগুলোকে ‘গার্মেন্টস ফেব্রিক’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

অভিযানের সময় কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। তল্লাশির একপর্যায়ে ফেব্রিক রোলগুলো খুলে দেখা যায়, ভেতরে অত্যন্ত সুকৌশলে মোবাইল ফোনগুলো লুকিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে সেখান থেকে ১ হাজার ৬৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের দামি স্মার্টফোন পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘোষণা ছিল গার্মেন্টস ফেব্রিক, কিন্তু এর আড়ালে বিপুল পরিমাণ মোবাইল ফোন এনে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল। ফোনগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর আগে একই কায়দায় কোনো চালান খালাস হয়েছে কি না। জব্দ করা মোবাইলগুলোর বাজারমূল্য ও সম্ভাব্য শুল্ক ফাঁকির পরিমাণ যাচাই শেষে আমদানিকারক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ডিআর