Image description

প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১২ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার বিদিশা সিদ্দিকের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া। 

আইনজীবীরা জানান, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বিচারাধীন না থাকায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

উল্লেখ্য, ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেনের দায়ের করা একটি মামলায় গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ২৫ আগস্ট রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ২৬ আগস্ট কারাগারে পাঠানো হয়েছিল।

ডিআর