Image description

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টেক্সাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধ শেষ হলে তেলের দামও দ্রুত কমে যাবে। তবে এর আগে ট্রাম্পের শীর্ষ কয়েকজন উপদেষ্টা তাকে সতর্ক করেছেন, সংঘাতটি তার পুরো মেয়াদের বাকি সময়জুড়ে, এমনকি ২০২৯ সালের জানুয়ারি পর্যন্তও চলতে পারে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে বলেছেন, সামরিক চাপ, অবরোধ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান প্রতিরোধ চালিয়ে যেতে পারে।

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবরোধের পক্ষেও অবস্থান নিয়েছেন ট্রাম্প। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই কৌশলকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিহিত করেছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। ব্রুকিংস ইনস্টিটিউটের ইরান বিশেষজ্ঞ সুজান ম্যালোনি বলেন, নৌ অবরোধ নিকট বা মধ্যম মেয়াদে নির্ণায়ক ফল আনবে বলে মনে হয় না। তাই এর পেছনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ভায়েজ বলেন, সংঘাতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হলেও এখনো কোনো পক্ষ এতটা মূল্য দিচ্ছে না যে অন্য পক্ষের শর্ত মেনে নিতে বাধ্য হবে।
এমআর