Image description

ইরানের সঙ্গে চলমান সংঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে তাকে এ বিষয়ে সতর্ক করেছেন। ওভাল অফিস ও সিচুয়েশন রুমে অনুষ্ঠিত অভ্যন্তরীণ কৌশলগত বৈঠকে তারা এমন আশঙ্কার কথা জানান।

কর্মকর্তাদের মূল্যায়ন, মার্কিন চাপের মুখেও তেহরান প্রতিরোধ অব্যাহত রাখতে পারে। এমন পরিস্থিতিতে সংঘাত ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত গড়াতে পারে।

ডব্লিউএসজে বলছে, প্রশাসনের শীর্ষ উপদেষ্টাদের এই মূল্যায়ন থেকে বোঝা যায়, ইরানের প্রতিরোধ ভেঙে ফেলা সহজ হবে না। ফলে সামরিক সংঘাত ট্রাম্পের পুরো মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে প্রশাসনের অভ্যন্তরীণ এই মূল্যায়নের সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের বড় পার্থক্য রয়েছে। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পরই যুদ্ধ শেষ হয়ে যাবে বলে তিনি আশা করছেন।

ট্রাম্পের দাবি, চলমান প্রতিরোধের মাধ্যমে ইরান মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে একইসঙ্গে তিনি বলেন, ইরান আর বেশিদিন এভাবে প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম হবে না।

ডব্লিউএসজির প্রতিবেদন এবং ভ্যান্স, রুবিওসহ অন্য উপদেষ্টাদের সতর্কবার্তা নিয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ)

এনএ