Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। আটক দুজন হলেন—উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম এবং একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর ৪২ বিজিবির চান্দেরহাট বিওপির অধীনস্থ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে রায়গঞ্জ মহকুমা এলাকায় বাংলাদেশিদের একটি দলের ওপর ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে আসাদুল হক গুরুতর আহত হন এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে বিএসএফ। পরে গুলিবিদ্ধ আসাদুলকে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি নিহতের পরিবার ও বিজিবিকে অবহিত করেছেন।

সীমান্তে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) এ নিয়ে দুই বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে ঘটনার বিস্তারিত বিষয়ে জানার জন্য ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিআর