Image description

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে প্রার্থীদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরসহ স্থানীয় সরকারের সমস্ত স্তরেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

জাতীয় সংসদ নির্বাচনেও শিক্ষাগত যোগ্যতার শর্ত না থাকার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "আমি এমপি হয়েছি, আমারও তো ফর্মে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়নি; কারণ সংবিধানে তা নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও একজন মানুষ স্বশিক্ষিত বা সমাজসেবক হতে পারেন, তাঁর মধ্যে প্রজ্ঞা থাকতে পারে। সাংবিধানিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতেই স্থানীয় সরকারের পাঁচটি আইনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।"

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার আইনে লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের নীতিমালা, স্থানীয় সরকার আইন এবং নির্বাচন কমিশনের বিধিমালার সমন্বয়ে নির্বাচন কমিশন নির্ধারণ করবে। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিআর