Image description

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিযুক্ত দ্বিতীয় ইউনিটটি সফলভাবে পুনরায় চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টা ১৭ মিনিটে ইউনিটটি চালু করা হয়। এর ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক হওয়ার প্রবল আশা তৈরি হয়েছে।

আদানি পাওয়ার সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে দুপুরের মধ্যেই দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই দ্বিতীয় ইউনিটটির বয়লারে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দিলে তা বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বাংলাদেশে সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। ফলে দেশে লোডশেডিং বৃদ্ধি পেয়ে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করে। প্রাথমিক অবস্থায় মেরামতকাজে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগার কথা থাকলেও প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে নির্ধারিত সময়ের আগেই ত্রুটি সংশোধন করা সম্ভব হয়।

উল্লেখ্য, ১,৬০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ আমদানির অন্যতম প্রধান উৎস। কয়লা পরিবহনসংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠার পর সম্প্রতি কেন্দ্রটি থেকে উৎপাদন ১,৪০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল। সচল হওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় উৎপাদনে ফেরায় জাতীয় গ্রিডে বিদ্যুতের প্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি থেকে স্বস্তি মিলবে বলে মনে করছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা।

ডিআর