জনপ্রিয় হলিউড অভিনেতা ও ‘রিচার’ তারকা আলান রিচসন এবং তার স্ত্রী ক্যাথরিন রিচসন ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের খবরটি জানিয়েছেন। দম্পতি জানিয়েছেন, এই কঠিন সময়ে তাদের প্রধান অগ্রাধিকার তিন সন্তান।
আলান রিচসন ও ক্যাথরিনের পরিচয় স্কুলজীবন থেকেই। পরবর্তী সময়ে কিছুদিন আলাদা থাকার পর আবারও তাদের সম্পর্ক গড়ে ওঠে। ক্যাথরিন তখন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। অন্যদিকে, মডেলিংয়ের কাজের জন্য আলান মায়ামিতে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাদের সম্পর্ক নতুন করে শুরু হয়। ২০০৬ সালের ১২ মে তারা বিয়ে করেন। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক জীবন সাধারণত গণমাধ্যমের আড়ালেই রেখেছেন এই দম্পতি।
তবে বিচ্ছেদের ঘোষণা আসার কয়েক মাস আগেই তাদের দাম্পত্য সংকটের খবর প্রকাশ্যে আসে। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড ২০২৫ সালের ডিসেম্বরে আদালতের নথির বরাত দিয়ে জানিয়েছিল, আলান বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। পরে মার্চ মাসে তারা আবারও সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান।
অভিনয় ক্যারিয়ারে আলান রিচসন ‘ব্লু মাউন্টেন স্টেট’, ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’, ‘টাইটানস’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন। তবে অ্যামাজনের ‘রিচার’ সিরিজে জ্যাক রিচার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
এমআর




Comments