কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রটির দুই নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইউনিটটি বন্ধ হওয়ার আগে রামপাল কেন্দ্র থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে। ঘাটতি পূরণে ভারতের আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
জহুরুল ইসলাম বলেন, ইউনিটটি বন্ধ করার পর প্রথমে ঠান্ডা করতে হবে। এরপর ভারত থেকে আসা দুই প্রকৌশলী রক্ষণাবেক্ষণের কাজ শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে তিন থেকে চার দিনের মধ্যে ইউনিটটি আবার চালু হতে পারে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু থাকলে সাধারণত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর একটি ইউনিট চালু থাকলে উৎপাদন হয় প্রায় ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট।
এসএস




Comments