Image description

ইয়েমেনে হুতি যোদ্ধাদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর তীব্র লড়াই চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর মারিবের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা। তাদের দখলে যাওয়া কয়েকটি এলাকায় সৌদি আরব একাধিক বিমান হামলা চালিয়েছে।

চলমান সংঘাতের কারণে ইয়েমেনের কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এতে দেশটির দীর্ঘদিনের মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। এরই মধ্যে ইয়েমেন বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকটে রয়েছে।

এদিকে ইরানের কেশম দ্বীপের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। হামলার জন্য ইরানের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে দায়ী করে দেশটিকে ‘সন্ত্রাসী শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন।

এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনায় উদ্বেগ বেড়েছে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই পক্ষ বৈঠক করতে চাইলে তাতে তার ‘কিছু যায় আসে না’।

সূত্র: আল-জাজিরা

এসএস