Image description

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার ন্যাশনাল ফুড ভিলেজে ১১ দলীয় ঐক্যের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমরা বিএনপিকে বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। এখন নানা অজুহাতে তারা তা বাস্তবায়ন করছে না।”

তিনি আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে একাধিকবার ওয়াকআউট করেছি। কিন্তু তাতেও সরকার কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাজপথে নেমেছি।”

আজহারুল ইসলাম বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে বলে তারা আশা করছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় চিফ হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়া জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

এসএ