Image description

সকালের ব্যস্ত সময়ে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে কর্মস্থলগামী মানুষকে পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। কেউ ছাতা নিয়ে, কেউ বৃষ্টিতে ভিজেই রওনা দেন গন্তব্যের উদ্দেশে। বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায় এবং কোথাও কোথাও জমে থাকা পানিতে চলাচলে সমস্যা তৈরি হয়।

সকালে অফিস ও জরুরি কাজে বের হওয়া অনেককে বৃষ্টি থেকে রক্ষা পেতে দোকানের ছাউনি, ভবনের প্রবেশপথ ও বাসস্টপে আশ্রয় নিতে দেখা যায়। তবে বৃষ্টি না কমায় অনেকে বাধ্য হয়ে ভিজেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

বৃষ্টির কারণে গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। কিছু সড়কে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আবার কোথাও যানবাহনের চাপ বেড়ে সৃষ্টি হয় ধীরগতি। ফলে বৃষ্টিতে ভেজার পাশাপাশি যানজটে আটকে থেকেও সময় কাটাতে হয়েছে নগরবাসীকে।

পথচারীরা জানান, সকালে বাসা থেকে বের হওয়ার সময় অনেকেরই বৃষ্টির পূর্বাভাস ছিল না। ফলে পথে বৃষ্টি শুরু হওয়ায় হঠাৎ করেই সমস্যায় পড়তে হয়। কোথাও কোথাও সড়কে পানি জমে যাওয়ায় হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে।

মিরপুর থেকে কারওয়ান বাজারে যাচ্ছিলেন রাকিব। তিনি বলেন, সকালে বাসে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়ার পর পথে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছে।

মিরপুর থেকে মতিঝিলে যাচ্ছিলেন মুস্তাফিজ। তিনি বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না। পথে এসে বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করেন। পরে বৃষ্টি না কমায় ভিজেই গাড়িতে উঠতে হয়েছে।

আগারগাঁওয়ে যাওয়ার পথে বৃষ্টির কবলে পড়েন সাইমুম। তিনি বলেন, মিরপুর থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না। পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর মধ্যে সড়কে পানি জমে যাওয়ায় হেঁটে চলাচলেও সমস্যা হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লেগেছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এসএ