Image description

বিশ্ব দাবা সংস্থা (ফিদে) আরবিটারস অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ।

উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত ফিদে আরবিটারস কংগ্রেস মিটিংয়ে তাকে এ সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক আরবিটার হিসেবে ৩৫ বছরের বেশি সময় নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে হারুন অর রশিদ ১২টি বিশ্ব দাবা ইভেন্টে আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে একজন আন্তর্জাতিক আরবিটারকে অন্তত ৩৫ বছর দায়িত্ব পালনের পাশাপাশি তিনটি বিশ্ব দাবা ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করতে হয়।

নির্ধারিত দুই শর্ত পূরণ করায় এবারের ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড অর্জন করেন হারুন অর রশিদ। তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দাবা অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বছর বিশ্বের সাতজন আন্তর্জাতিক আরবিটারকে ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে এশিয়া থেকে দুজন, ইউরোপ থেকে চারজন এবং আমেরিকা মহাদেশ থেকে একজন রয়েছেন।

এসএস