ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে দূরত্ব তৈরি করছেন রিপাবলিকান পার্টির কয়েকজন নেতা ও প্রার্থী। বিশেষ করে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এ নিয়ে দলের ভেতরে উদ্বেগ বাড়ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিশিগান ও আইওয়া থেকে সিনেট নির্বাচনে লড়াই করা রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স ও অ্যাশলি হিনসন সম্প্রতি ইরান যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। এর আগে তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
আইওয়ার প্রার্থী হিনসন বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের চাপ সাধারণ মানুষের ওপর পড়ছে। তিনি পেট্রল কর স্থগিত এবং ডিজেল রপ্তানি সাময়িক বন্ধসহ কয়েকটি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে মিশিগানের প্রার্থী মাইক রজার্সও এক প্রচারাভিযানের বিজ্ঞাপনে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হওয়া প্রয়োজন। যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে বলেও মন্তব্য করেন তিনি।
শুধু রজার্স ও হিনসন নন, আরও কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন। রয়টার্স বলছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক চাপের কারণে কিছু রিপাবলিকান প্রার্থীর মধ্যে ট্রাম্পের যুদ্ধনীতির সঙ্গে দূরত্ব তৈরির প্রবণতা দেখা যাচ্ছে।
এদিকে ট্রাম্প যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ার বিষয়টি স্বীকার করলেও এটিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজনীয় মূল্য হিসেবে দেখছেন। ফলে যুদ্ধ, জ্বালানির দাম ও অর্থনৈতিক চাপ—এই তিনটি বিষয়ই এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সূত্র: ইউএস নিউজ।
এনএ




Comments