বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরামর্শ নিতে গিয়ে পরিচয়। এরপর প্রথম দেখায় ভালো লাগা, পারিবারিকভাবে বিয়ে। এবার সেই স্ত্রীও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এই দম্পতি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী উদাস গোস্বামী ও চৈতি বিশ্বাস। উদাস গোস্বামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।
সম্প্রতি ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস। স্বামী উদাস গোস্বামীর কাছেই একসময় বিজেএসের প্রস্তুতি নিয়ে পরামর্শ নিতেন তিনি।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উদাস গোস্বামী জানান, তিনি জজ হওয়ার পর অনেকেই বিজেএসের প্রস্তুতি নিয়ে পরামর্শের জন্য যোগাযোগ করতেন। চৈতিও তাদের একজন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রথমবার চৈতিকে দেখেন তিনি। প্রথম দেখাতেই ভালো লেগে যায় এবং তখনই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
উদাস বলেন, চৈতির প্রস্তুতির সময় তিনি পড়াশোনার বিষয় গুছিয়ে দেওয়া, লেখার ধরন এবং বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে সহযোগিতা করতেন। তার মতে, চৈতির সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল ধৈর্য, একাগ্রতা, নিয়মিত পড়াশোনা ও হার না মানার দৃঢ় মানসিকতা।
স্ত্রীর সাফল্যের প্রতিক্রিয়া জানিয়ে উদাস গোস্বামী বলেন, ফল প্রকাশের খবর শুনে তিনি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। পরে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিষয়টি জেলা জজকেও জানান তিনি। খবর শুনে জেলা জজও আনন্দ প্রকাশ করেন।
দুজনের পড়াশোনার ধরন অবশ্য ছিল ভিন্ন। উদাস গোস্বামী জানান, তিনি পরীক্ষার আগের রাতে বেশি পড়তেন, আর চৈতি নিয়ম মেনে ধারাবাহিকভাবে পড়াশোনা করতেন। বিশ্ববিদ্যালয়ের ফলাফলেও চৈতি তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিলেন বলে জানান তিনি।
দাম্পত্য জীবনের পাশাপাশি একই পেশায় থাকার বিষয়টিকেও ইতিবাচকভাবে দেখছেন উদাস। তার মতে, আইনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের আলোচনা পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। তবে ঘরেও আদালতের বিষয় নিয়ে আলোচনা হওয়া সংসার জীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন বিজেএস প্রার্থীদের উদ্দেশে উদাস গোস্বামীর পরামর্শ—লক্ষ্য স্থির রেখে নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের সঙ্গে লেগে থাকতে হবে। তার বিশ্বাস, এভাবে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই।
এনএ




Comments