Image description

ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির পুলিশের প্রায় ২৮ শতাংশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ইসরাইলি প্রভাবশালী সংবাদপত্র 'হারেৎজ'-এর এক বিশেষ প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরাইলি পুলিশের জনবল সংকট নিয়ে আয়োজিত একটি রুদ্ধদ্বার বৈঠকে উপস্থাপিত ও নথিভুক্ত অভ্যন্তরীণ তথ্য থেকে কর্মকর্তা পদত্যাগের এই পরিসংখ্যান সামনে এসেছে। ২০২২ সালের ডিসেম্বরে চরম ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন-গভির জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনীতে এই নজিরবিহীন গণপদত্যাগের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, উক্ত সময়ে পুলিশে নতুন সদস্য নিয়োগের গতি বাড়ানো হলেও ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি। তা ছাড়া নতুন নিয়োগপ্রাপ্তদের এক-চতুর্থাংশের বেশি সদস্যকে নিয়মিত পুলিশের বদলে বর্ডার পুলিশ অথবা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীন নতুন গঠিত বিতর্কিত 'ন্যাশনাল গার্ড'-এ পদায়ন করা হয়েছে। ফলে নতুন নিয়োগ সত্ত্বেও ইসরাইলের বিভিন্ন আঞ্চলিক পুলিশ স্টেশন ও ট্রাফিক বিভাগে এখনো অন্তত ২ হাজার কর্মকর্তার পদ খালি রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে ইসরাইলি সরকার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে পৃথক 'ন্যাশনাল গার্ড' গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। নতুন এই বাহিনীটিকে সরাসরি বিতর্কিত মন্ত্রী ইতামার বেন-গভিরের অধীনে রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দেশটির বিরোধী দলগুলো। বিরোধীদের অভিযোগ, তৎকালীন রাজনৈতিক সমঝোতা ও নিজের ক্ষমতা টিকিয়ে রাখার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেন-গভিরের নিয়ন্ত্রণে পৃথক এই সশস্ত্র বাহিনী গঠনের অনুমতি দিয়েছিলেন।

ইসরাইলের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো ভেঙে পড়া এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নতুন বাহিনী গঠন নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই পুলিশে ব্যাপক পদত্যাগ ও মারাত্মক জনবল সংকটের এই ভয়াবহ চিত্র প্রকাশ পেল।

ডিআর