Image description

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং। তিনি বলেছেন, ফিলিস্তিনের মানুষই নিজেদের দেশ পরিচালনা করবে। একই সঙ্গে দ্রুত দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে কোনো দেশের ওপর হামলা চালানো উচিত নয়। সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতির পথ অনুসরণ করা প্রয়োজন। বড় দেশগুলো আন্তর্জাতিক আইন মেনে চললেই বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ফিলিস্তিন ও গাজার ভবিষ্যৎ নিয়ে হান ঝেং বলেন, ফিলিস্তিনিরাই নিজেদের দেশ পরিচালনা করবে। এই নীতির ভিত্তিতে পশ্চিম তীরের উন্নয়ন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এগিয়ে নিতে হবে। সংকটের স্থায়ী সমাধানের জন্য যত দ্রুত সম্ভব দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান হান ঝেং। কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা ও হুমকি প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে চীনের এই নেতা বলেন, প্রযুক্তির ব্যবহার মানুষের কল্যাণে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ডিজিটাল বৈষম্য কমিয়ে সবার জন্য প্রযুক্তির সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসএস