Image description

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও মালামাল লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর)  এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জয়নাল আবেদিন বলেন, সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় তাদের অফিসে ঢুকে দরজা, তালা ও জানালা ভাঙচুর করেন। পরে তারা অফিসের বিভিন্ন কক্ষ ও স্টোররুমে তল্লাশি চালান।

অভিযোগ অনুযায়ী, এ সময় অফিস থেকে নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

জয়নাল আবেদিন আরও অভিযোগ করেন, কয়েকদিন ধরে মোস্তাক রহমান খোকন চৌধুরী, মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় তাদের অফিস দখলের চেষ্টা করে আসছিলেন। হামলা ও লুটপাটের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হারানোর আশঙ্কার পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক ক্ষতি হয়েছে।

তবে পুলিশের ভাষ্য, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন একটি জমি নিয়ে এ ঘটনা ঘটে। তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, দীর্ঘদিন ধরে আলম ওই জমির দখলে ছিলেন। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন সেখানে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে দেয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, পরে তারা জমির ভেতরের একটি অফিসে ভাঙচুর চালায় এবং নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে। জমিটির মালিকানা নিয়ে উভয় পক্ষই নিজ নিজ কাগজপত্র থাকার দাবি করছে।

এসএস