পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
তদন্ত কমিটি গঠন
ঢাকার আদালতে হাজিরা শেষে প্রিয়জন ভ্যানে গাজীপুরের কারাগারে নেয়ার পথে বাথরুমে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে ওই তদন্ত কমিটি কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
গাজীপুরের কাশিমপুর কারাগারে আনার পথে গত রবিবার রাতে পালিয়ে যান পিচ্চি রাজা। গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজা ওরফে পিচ্চি রাজাকে রবিবার সকালে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য প্রিজন ভ্যানে নেয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছিল। প্রিজন ভ্যানটি নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতেন। পলাতক রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার মোতালেবের ছেলে।
মোহাম্মদপুর থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেয়া হয়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন, রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২৫টি মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।
এসএ




Comments