জাপানে চলমান এশিয়ান গেমসে আয়োজকদের পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ফের সমালোচনা উঠেছে। এবার দক্ষিণ কোরিয়ার পুরুষ ভলিবল দলকে অনুশীলনের জন্য নির্ধারিত ভেন্যুর বদলে প্রায় এক ঘণ্টা দূরের অন্য একটি স্থানে নিয়ে যায় আয়োজকদের দেওয়া বাস। এতে শেষ পর্যন্ত তাদের অনুশীলন বাতিল করতে হয়েছে।
সোমবার সকালে তাইওয়ানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। কোরিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা এএফপিকে জানান, আয়োজকদের দেওয়া শাটল বাস দলটিকে ইনুইয়ামার নির্ধারিত অনুশীলন ভেন্যুর পরিবর্তে ওকাজাকিতে নিয়ে যায়।
তিনি বলেন, ভুল জায়গায় যাওয়ার পর ফিরে আসতে এতটাই সময় নষ্ট হয়ে যায় যে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় দলটি। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির মাধ্যমে আয়োজকদের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়েছে।
তবে অনুশীলন বাতিল হলেও ম্যাচে এর প্রভাব পড়েনি। পরে তাইওয়ানকে ৩-১ সেটে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়া।
এশিয়ান গেমসে পরিবহন নিয়ে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার পুরুষ বাস্কেটবল দলকে নির্ধারিত সময়ের আগে অনুশীলনে যাওয়ার জন্য বাস দেওয়া হয়নি। পরে জাপানকে হারিয়ে তারা সোনা জেতে।
সোমবার পাকিস্তানের পুরুষ ভলিবল দলকেও ভুল ভেন্যুতে নিয়ে যাওয়া হয়। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য নির্ধারিত অ্যারেনার পরিবর্তে অন্য একটি ভেন্যুতে পৌঁছে দলটি। এতে ম্যাচ শুরু হতে ৪৫ মিনিট দেরি হয়।
পাকিস্তানের অধিনায়ক মুরাদ জেহান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে ঘটনাটিকে আয়োজকদের অব্যবস্থাপনা হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় আয়োজক কমিটির এক মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের দল একই আবাসন থেকে রওনা হয়েছিল এবং দলগুলোর সঙ্গে যানবাহনের গন্তব্য মেলাতে ভুল হয়েছিল। ভুল গন্তব্যের বাসে দুই দলই উঠে পড়ে বলে জানান তিনি।
এশিয়ান গেমসে ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। এর আগে আবাসন ও পরিবহন ব্যবস্থাপনাসহ বিভিন্ন সাংগঠনিক সমস্যা নিয়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অসন্তোষের খবর এসেছে।
এমআর




Comments