Image description

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বইটি বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে বেআইনি ও নিন্দনীয় উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রিতে বাধা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি। তার দাবি, বইটি কোনো নিষিদ্ধ বই নয়।

তিনি আরও বলেন, বই বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং প্রতিষ্ঠানটির দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার একাধিক ঘটনা ঘটেছে। সেসব ঘটনারও তারা প্রতিবাদ করেছেন।

তার ভাষ্য, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতপক্ষে শেখ হাসিনার কর্মকাণ্ডকেই অনুসরণ করা হচ্ছে এবং এতে মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

এসএস