ভারতের জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক জওয়ানের গুলিতে বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সেওয়া হাইডেল পাওয়ার প্রজেক্টে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং এবং দুই কনস্টেবল সঞ্জীব কুমার ও মোহাম্মদ রফিক। অঙ্কিত কুমার পান্ডে একটি কোম্পানির কমান্ডার ছিলেন।
পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মিরের বাসোহলি ও হিমাচল প্রদেশের চাম্বা জেলার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। গুলি চালানো সিআইএসএফ সদস্যকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, রাভি নদীর ওপর নির্মিত চামেরা বাঁধের জম্মু-কাশ্মির অংশে সিআইএসএফের একটি কোম্পানি মোতায়েন ছিল। তবে কী কারণে ওই জওয়ান গুলি চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে বাসোহলি থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় সেখানে পৌঁছাতে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এসএস




Comments