Image description

দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসাসেবার পরিধি বিস্তৃত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়েই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর রোগীর বাড়তি চাপ অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের আধুনিকায়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতের ভৌত অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল সংকট দূর করতেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী ব্যাপক সংখ্যক নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে।"

কিডনি রোগীদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে বিশেষ পদক্ষেপের ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে সাধারণ কিডনি রোগীদের জটিল চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজলভ্য হবে।

দেশের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি দেশে এইচআইভি (HIV) বা এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের গবেষণা ও চিকিৎসাসেবা প্রসারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা হৃদরোগের প্রতিরোধ ও ঝুঁকি নিরসনে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বলেন, অনেকেই বুকের ব্যথা বা অস্বস্তিকে কেবল গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন, যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। যেকোনো ধরণের বুকের ব্যথায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তাঁরা। এছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত দ্রব্য পুরোপুরি বর্জন, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার পরিহার এবং প্রতিদিন নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

ডিআর