Image description

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও ধীরগতির নাগরিক সেবাকে সম্পূর্ণ আধুনিক রূপ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত নতুন সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘America.gov’ উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বিশেষ ইভেন্টের মাধ্যমে পোর্টালটির প্রথম পর্যায়ের সুবিধা সর্বসাধারণের জন্য চালু করা হয়।

উদ্যোগটিকে আমেরিকান প্রশাসনিক ব্যবস্থার যুগান্তকারী রূপান্তর হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "এখন থেকে দেশের প্রতিটি নাগরিকের যেকোনো জিজ্ঞাসার জন্য একটি মাত্র ডিজিটাল প্রবেশদ্বার থাকবে, যা আপনার প্রয়োজনীয় সময় ও চাহিদাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে।"

হোয়াইট হাউস এবং ন্যাশনাল ডিজাইন স্টুডিওর নেতৃত্বাধীন এই প্রজেক্টটিতে সমন্বিত হয়েছে গুগল জেমিনাই (Gemini) এবং এক্স-এআইয়ের গ্রোক (Grok)-এর মতো শীর্ষস্থানীয় এআই প্রযুক্তির মডেল। প্রায় ২৯ হাজার পৃথক সরকারি ওয়েবসাইটের বিশাল তথ্যভাণ্ডারকে এক ছাতার নিচে এনে একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে এই পোর্টালটিকে।

বর্তমানে সাইটটি প্রাথমিক পর্যায়ে একটি স্মার্ট অনুসন্ধান বা এআই গাইড হিসেবে কাজ করছে। এর মাধ্যমে নাগরিকরা সহজ নির্দেশিকায় জানতে পারবেন কীভাবে পাসপোর্ট নবায়ন করা যাবে, ভোটার তালিকাভুক্ত হওয়া, মেডিকেয়ার সুবিধার আবেদন, সামাজিক নিরাপত্তার কার্ড পুনর্নির্মাণ কিংবা দুর্যোগকালীন সহায়তার ফর্ম জমা দেওয়ার নিয়মগুলো। শুধু সরকারি তথ্যের দিকনির্দেশনাই নয়, সরাসরি বায়োডাটা আপলোড করে চাকুরির আবেদন করা কিংবা নির্দিষ্ট সরকারি নথিপত্রের প্রশ্নোত্তরের সুবিধা মিলছে এতে।

তবে মূল প্রযুক্তিগত সাফল্য দেখা যাবে ২০২৭ সালের প্রথমার্ধে, যখন চালুর অপেক্ষায় থাকা এর দ্বিতীয় ধাপে এআই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকদের পক্ষ হয়ে জটিল কাজগুলো সম্পাদন করে দেবে। ইউএস স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক সিমুলেশন উপস্থাপনায় দেখান, ২০২৭ সালের ওই সংস্করণে একজন আবেদনকারী প্ল্যাটফর্মেই নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড করার পর সিস্টেমটি নিজে থেকেই পাসপোর্ট নবায়নের পুরো ফাইল জমা নেওয়া থেকে শিপিং ট্র্যাকিং পর্যবেক্ষণ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানেই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিশেষ প্রশাসনিক আদেশে (Executive Order) স্বাক্ষর করেন, যাতে সমস্ত ফেডারেল সংস্থাকে আগামী ৯০ দিনের মধ্যে তাদের মূল জনসেবাগুলো বাধ্যতামূলকভাবে এই একক পোর্টালের সাথে যুক্ত করতে বলা হয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কেবল সরকারি কাগজপত্র ও বিভিন্ন দাপ্তরিক ওয়েবসাইট খোঁজাখুঁজির জটিলতায় নাগরিকদের প্রতিবছর প্রায় ১০ বিলিয়ন ঘণ্টা সময় অপচয় হয়। এই নতুন সমন্বিত এআই ব্যবস্থা চালুর ফলে জনগণের হয়রানি ও মূল্যবান সময় বাঁচবে এবং পুরো প্রশাসনিক কাঠামো আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।

ডিআর