পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কয়েক দিন আগে একটি অনলাইন পত্রিকায় এ বিষয়ে অত্যন্ত ভুলভাবে নিউজ এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে, এ নিয়ে আমাদের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সেখানে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। বর্তমান সরকার স্বাধীনতা স্তম্ভের মূল চেতনাকে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ করছে।
বর্তমান নকশা অপরিবর্তিত আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো ওটা নিয়ে আমরা কাজ করিনি। ওটা নিয়ে আমরা সক্রিয়ভাবে চিন্তা করছি। যা হবে, আপনারা সেটা ভবিষ্যতে দেখতে পাবেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ ও ভারতের বিষয়ে সৌজন্যভাব বিনিময় করেছি। এর বাইরে কোনো আলোচনা হয়নি।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ওটা প্রধানমন্ত্রীর দফতর বা তার মুখপাত্র, তারাই আলোচনা করবেন।
এমআর




Comments