Image description

সব জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম আজ শুক্রবার বাংলাদেশে আসার কথা রয়েছে।

বিশেষ কার্গো উড়োজাহাজে করে ইউরেনিয়ামটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। পরে শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তা রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়াম বহনকারী ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে ইউরেনিয়াম আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এসএ