কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সংবেদনশীল তথ্য লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর তাঁর গ্রেপ্তারের পূর্বে জারি করা তল্লাশি পরোয়ানার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হয়েছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ব্রিটিশ জুডিশিয়াল অফিস সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, এই আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার উচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। তবে আইনি স্পর্শকাতরতার কারণে পুরো শুনানিটিই রুদ্ধদ্বার কক্ষে বা ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে ব্রিটিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বিরুদ্ধে অভিযোগ—২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের বাণিজ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি বিভিন্ন স্পর্শকাতর নথি ও গোপনীয় তথ্য জেফরি এপস্টিনের কাছে ফাঁস করেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতেই তৎকালীন পুলিশি অভিযানে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
অ্যান্ড্রুর নতুন আইনি আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ আদালত এখন পর্যালোচনা করে দেখবে—তাঁকে গ্রেপ্তারের পূর্বে পুলিশ যেসকল তল্লাশি পরোয়ানা জারি ও ব্যবহার করেছিল, তা যথাযথ আইনি প্রক্রিয়া মেনে দেওয়া হয়েছিল কি না।
এদিকে ব্রিটেনের থেমস ভ্যালি পুলিশ সোমবার নিশ্চিত করেছে, পরোয়ানা জারির আইনি বাধ্যবাধকতা ও প্রাসঙ্গিক কার্যক্রমে পুলিশ বাহিনী পূর্ণসহযোগিতা করছে। বিচারকের সুনির্দিষ্ট নির্দেশে মামলাটির কোনো শুনানি সাধারণ পাবলিক বা গণমাধ্যমের উপস্থিতিতে খোলা আদালতে অনুষ্ঠিত হবে না।
ডিআর




Comments