Image description

অবশেষে শুরু হয়েছে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছেন আর্জেন্টাইন মহাতারকা। বিদায়ী অনুষ্ঠানের কারণে নির্ধারিত সময়ের চেয়ে আধাঘণ্টা বিলম্বে শুরু হয় ম্যাচটি।

মাঠে নামার আগে তিন ছেলেকে সঙ্গে নিয়ে মনুমেন্টাল স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি। বুয়েনস এইরেসের প্রায় ৮৫ হাজার দর্শক তখন অপেক্ষায় ছিলেন তাঁদের প্রিয় তারকাকে শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে দেখার জন্য।

ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় ভোর ৫টা)। অথচ, এস্টাডিও মনুমেন্টালে এত বেশি আনুষ্ঠানিকতা সারতে হলো মেসিকে, যে কারণে ৩০ মিনিট বিলম্বে শুরু হয় ম্যাচটি।

শেষ ম্যাচেও আইকনিক ১০ নম্বর জার্সি পরেই আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। তার সঙ্গে রয়েছেন ২০১৮ থেকে আর্জেন্টিনা জাতীয় দলে খেলা গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণ: অগাস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো

মাঝমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

আক্রমণ: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ

কোচ: লিওনেল স্কালোনি

বেনিনের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের দীর্ঘ পথচলার ইতি ঘটছে। তার শেষ ম্যাচ ঘিরে আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এসএস