মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’র সেট। সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আর সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। শুধু ‘রামায়ণ’ নয়, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি শুটিং সেটও।
জানা গেছে, ৫ অক্টোবর ভোরে ফিল্ম সিটির রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস ও প্রাইম ফোকাসের পেছনে একটি অস্থায়ী সেটে আগুন লাগে। ভোর ৪টার দিকে ঘটনাটি মুম্বাই ফায়ার ব্রিগেডকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল, পুলিশ, ওয়ার্ড কন্ট্রোল ও অ্যাম্বুলেন্স।
বিএমসি মুম্বাইয়ের ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, প্রথমে বৈদ্যুতিক ওয়্যারিং ও কেবেলের কাছে আগুনের সূত্রপাত হয়। অস্থায়ী ওই সেটে কাঠের পাটাতন, দরজা, এসি ইউনিট, বাঁশ, প্লাস্টিকের সামগ্রী, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। প্রায় ১০০ ফুট বাই ২০ ফুট জায়গাজুড়ে থাকা সেটটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে সকাল ৪টা ৫৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ‘রামায়ণ’র সেটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ‘এমটিভি হাসেল’ এবং ‘পতি পত্নী অউর পাঙ্গা সিজন ২’-এর সেটও। কাছাকাছি এসব সেটে শুটিং চলছিল। ফলে কয়েকটি শুটিংয়ের কাজও ব্যাহত হয়েছে।
এদিকে নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির প্রথম পর্বের। এতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অমিতাভ বচ্চন, রবি দুবে, যশ ও রাকুলপ্রীত সিংসহ আরও অনেকে।
‘রামায়ণ’র দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। এরই মধ্যে ছবিটির সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটি।
এসএস




Comments