কানাডার পুলিশের পোশাকে ঢালিউড চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মাঝে চরম কৌতূহল ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। চিত্রনায়ক কি তবে দেশ ছেড়ে কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিলেন—এমন প্রশ্নও তুলেছেন অনেকে। তবে আসল সত্য হলো, এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়; বরং তাঁর নতুন অ্যাকশন ঘরানার সিনেমা ‘ভায়োলেন্স’-এর লুক।
সিনেমায় জায়েদ খানকে দেখা যাবে কানাডিয়ান পুলিশের একজন দক্ষ ও চৌকস কর্মকর্তার চরিত্রে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে সিনেমার শুটিং টিমে যোগ দিয়েছেন। বর্তমানে কানাডার বিভিন্ন দৃষ্টিনন্দন ও রোমাঞ্চকর লোকেশনে ছবিটির দৃশ্যধারণের কাজ পুরোদমে চলছে। সেখানে টানা শুটিং পর্ব শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের ক্ষেত্রে কানাডিয়ান পুলিশের পোশাকে বড় পর্দায় মূল চরিত্রে হাজির হওয়ার ঘটনা এবারই প্রথম, যা দর্শকের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে।
‘ভায়োলেন্স’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা কামাল হোসেন বাবর। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। ছবিটিতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শীলা।




Comments