মোংলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগান সামনে রেখে বাগেরহাটের মোংলায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে মোংলা ও সুন্দরবনসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষার এ উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মোংলা পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আলাউদ্দিন ও মীর সাগর। এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবদলের এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও মহিলা দল।
কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডিআর




Comments