কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা নিয়ে নির্মিত ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমার মুক্তি বন্ধে করা মামলায় বলিউড তারকা সালমান খানের জবাব চেয়েছেন দিল্লি হাইকোর্ট। মামলাটি খারিজের আবেদন করেছেন সিনেমাটির প্রযোজক অমিত জানি। তাঁর দাবি, এ মামলা শুনতে দিল্লি হাইকোর্টের এখতিয়ার নেই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ সালমানের জবাব চেয়ে নোটিশ জারি করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ ডিসেম্বর।
প্রযোজকের আইনজীবী আদালতে বলেন, সালমান খান মুম্বাইয়ে এবং অমিত জানি উত্তর প্রদেশের মিরাটে বসবাস করেন। তাঁদের কেউই দিল্লিতে থাকেন না বা সেখানে ব্যবসা পরিচালনা করেন না। তাই মামলাটি শুনতে দিল্লি হাইকোর্টের এখতিয়ার নেই।
আবেদনে বলা হয়, সিনেমাটির টিজার, পোস্টার ও প্রচারসামগ্রী দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া গেলেও শুধু এ কারণে দিল্লি হাইকোর্টে মামলা করার সুযোগ তৈরি হয় না। সিনেমাটি বিশেষভাবে দিল্লির দর্শকদের লক্ষ্য করে প্রচার করা হয়েছে কিংবা সালমান সেখানে কোনো ক্ষতির শিকার হয়েছেন—এমন অভিযোগও নেই বলে দাবি করেন প্রযোজকের আইনজীবী।
অন্যদিকে, সালমানের অভিযোগ, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করেই সিনেমাটি নির্মিত হয়েছে। প্রযোজক অমিত জানি প্রকাশ্যেও বিষয়টি স্বীকার করেছেন বলে মামলায় উল্লেখ করেন তিনি। সিনেমার নাম, প্রচারসামগ্রী, চরিত্রের চালচলন ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের মাধ্যমে তাঁকে তুলে ধরা হয়েছে বলেও দাবি করেন সালমান।
মামলায় সালমান আরও বলেন, কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় করা চারটি মামলার মধ্যে তিনটিতে তিনি খালাস পেয়েছেন। এ ঘটনায় করা আপিল ও বিশেষ অনুমতির আবেদন রাজস্থান হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
সালমানের দাবি, সিনেমাটিতে ঘটনাটিকে নাটকীয় বিচারপ্রক্রিয়ার মতো উপস্থাপন করায় তাঁর ন্যায্য বিচারের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। সিনেমার টিজার ও প্রচারসামগ্রীতে সরাসরি বা পরোক্ষভাবে তাঁকে বিচারাধীন অপরাধগুলোর জন্য দায়ী হিসেবে তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এনএ




Comments