Image description

শীত শুরু হলে অনেকেই এসি ব্যবহার বন্ধ করে দেন। তবে দীর্ঘদিন অব্যবহৃত রাখার আগে সঠিকভাবে পরিষ্কার ও শুকিয়ে না নিলে পরবর্তী গরমের মৌসুমে এসিতে দুর্গন্ধ, ছত্রাক কিংবা কুলিংয়ের সমস্যা দেখা দিতে পারে। তাই শীতের আগে এসির যত্নে তিনটি কাজ করা জরুরি।

১. ফিল্টার ও কয়েল পরিষ্কার করুন

এসির এয়ার ফিল্টার ও কয়েলে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করুন। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফিল্টার খুলে হালকা সাবান-পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। কয়েল নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারেন। আউটডোর ইউনিট থেকেও ধুলাবালি ও জমে থাকা পাতা সরিয়ে ফেলুন।

২. ভেতরের আর্দ্রতা দূর করুন

এসি বন্ধ করে দীর্ঘদিন ফেলে রাখার আগে ভেতরের আর্দ্রতা দূর করা প্রয়োজন। ড্রেন পাইপ ও ড্রিপ ট্রে পরিষ্কার রাখুন, যাতে পানি জমে না থাকে। ড্রাই মোড ব্যবহারের ক্ষেত্রে আপনার এসির নির্দেশিকায় দেওয়া নিয়ম অনুসরণ করুন।

৩. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও রিমোটের ব্যাটারি খুলে রাখুন

এসি দীর্ঘদিন ব্যবহার না করলে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখুন। আউটডোর ইউনিট ঢাকতে হলে বাতাস চলাচল করতে পারে—এমন উপযুক্ত কভার ব্যবহার করুন; এমনভাবে ঢাকবেন না, যাতে ভেতরে আর্দ্রতা আটকে থাকে। রিমোট থেকে ব্যাটারি খুলে আলাদা রাখুন। এতে ব্যাটারি লিক হয়ে রিমোট নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।

শীতের শুরুতে এই সামান্য যত্ন এসির পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং পরবর্তী মৌসুমে অপ্রয়োজনীয় মেরামতের খরচ এড়াতে সহায়তা করতে পারে।

এনএ