Image description

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হওয়ার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতার অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে দলটি।

আটক নেতারা হলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কা। শনিবার (১০ অক্টোবর) দিল্লির বিমানবন্দরে প্লেনের ভেতর থেকেই তাদের আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, প্লেন থেকে আটকের পর থেকে এই তিন নেতার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পোস্টে বলা হয়, প্লেন অবতরণের পরপরই অভিজিৎ দীপকে, সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। এরপর থেকে তাদের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আটকের বিষয়ে নেতাদের পরিবারের সদস্যদেরও জানানো হয়নি বলে দাবি করেছে দলটি।

সিজেপির অভিযোগ, তিন নেতাকে পৃথক স্থানে রাখা হয়েছে। আটক নেতাদের সঙ্গে বাইরের কারও যোগাযোগ নেই এবং তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হচ্ছে না। তবে তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ফলে সিজেপির তিন শীর্ষ নেতার বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এনএ