Image description

নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে লটারির মাধ্যমে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বদলি বাণিজ্য বন্ধ করা, কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি মুক্ত রাখা, প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় এ পর্যন্ত লটারির মাধ্যমে ১ হাজার ৪৩১ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি ও পদায়ন কার্যক্রমের অগ্রগতি ও প্রেক্ষাপট তুলে ধরে এসব কথা বলেন মন্ত্রী।

জাকারিয়া তাহের বলেন, "লটারির মাধ্যমে পদায়ন করা হলেও অসুস্থতা বা পারিবারিক জরুরি প্রয়োজনের মতো মানবিক দিকগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে একটি সম্পূর্ণ স্বচ্ছ, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।"

এদিকে, রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে (পুরোনো বাণিজ্য মেলার মাঠে) বর্তমান সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা দ্রুত এগিয়ে চলছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের জন্য উত্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই নতুন স্থানে সচিবালয় সম্পূর্ণ স্থানান্তরের কাজ সম্পন্ন করে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরুর জোরালো চেষ্টা চালানো হবে।

বর্তমান সচিবালয়ের ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে ধরে গণপূর্তমন্ত্রী উল্লেখ করেন, "এখানে পর্যাপ্ত জায়গা নেই, পার্কিংয়ের তীব্র সংকট রয়েছে এবং প্রশাসনিক পরিধি বাড়ায় কয়েকটি মন্ত্রণালয়কে বাইরে অফিস করতে হচ্ছে। তাছাড়া বর্তমান ভবনগুলোর অবকাঠামোগত অবস্থাও খুব একটা ভালো নয়। এখানে থাকলেও ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণ করতে হতো। ফলে সার্বিক সুবিধা বিবেচনায় আধুনিক ও সুপরিকল্পিত সচিবালয় গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।"

মন্ত্রী আরও জানান, আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের জন্য আনুমানিক ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জায়গার এক বিশাল নকশা ও রূপরেখা নিয়ে প্রাথমিক কাজ অব্যাহত রয়েছে।

ডিআর