প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিন বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের বিখ্যাত অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিম চল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা প্রাকৃতিক বিপর্যয় ও জরুরি সংকটকালে একে অপরের সঙ্গে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন।
উচ্চপর্যায়ের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী রি সু গিল এবং পিয়ংইয়ংয়ে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের পাশাপাশি উভয় দেশের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চুক্তি উদযাপন ও রাশিয়ার প্রতিনিধিদলের সম্মানার্থে পিয়ংইয়ংয়ে এক নৈশভোজেরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক 'কৌশলগত অংশীদারিত্ব চুক্তি' স্বাক্ষরের পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিক সম্পর্কের অভাবনীয় উন্নতি ঘটেছে। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে সরাসরি সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া। এ ছাড়া কার্স্ক অঞ্চলে মাইন অপসারণ ও যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ কাজের জন্য প্রায় ৬ হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠায় দেশটি।
ডিআর




Comments