মন্ত্রপাঠ, উলুধ্বনি এবং ঢাক, শঙ্খ ও কাঁসরের বাদ্য বাজিয়ে উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে দুর্গাষষ্ঠী। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা হওয়া বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে আজ শনিবার উদযাপিত হচ্ছে মহাসপ্তমী।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবার মহাসপ্তমী পালিত হচ্ছে দুই দিনব্যাপী। এর প্রথম দিন আজ শনিবার সকাল ৭টা ৩৯ মিনিট থেকে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার সকালে মহাসপ্তমীর দ্বিতীয় দিনের বিহিত পূজা সম্পন্ন হবে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় আমপাতা, বেলপাতা, ধূপের ধোঁয়া এবং প্রদীপের আলোয় দেবীর ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। একদিকে পুরোহিতের শুভ মন্ত্রপাঠ, অন্যদিকে শঙ্খ, ঘণ্টা, কাঁসর ও ঢাকের বাদ্যে চারপাশ মুখরিত হয়ে ওঠে। ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শেষে ভক্তদের মাঝে শান্তির জল ছিটিয়ে দেওয়া হয়। পূজা শেষে সমবেত ভক্তরা অশুভ শক্তির বিনাশ এবং বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় অঞ্জলি নেন। সায়ংকালে (সন্ধ্যায়) অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।
সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন ঘটেছে ‘ঘোটকে’ (ঘোড়ায়) চেপে, আর উৎসব শেষে দেবী কৈলাসে ফিরবেন ‘নৌকায়’। অশুভ ও অসুর শক্তিকে বিনাশ করে পৃথিবীতে সত্য, সুন্দর ও শান্তির বার্তা ছড়িয়ে দিতেই দেবীর এই ধরামায় আগমন।
উৎসবের সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার মহাঅষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই শারদোৎসবের।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য মতে, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫িটি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকা মহানগরেই ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
ডিআর




Comments