Image description

সৌদি আরবে মক্কার একটি মসজিদে পবিত্রতা ও আইন লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড/শিরশ্ছেদের পটভূমি, বিচার প্রক্রিয়া এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য জানতে চেয়ে আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, প্রবাসে অবস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলা অত্যন্ত জরুরি এবং এই ঘটনাটি আমাদের জন‍্য বড় শিক্ষা।

প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে প্রাপ্ত প্রাথমিক বার্তায় জানা গেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অবাধ্যতা ও অনৈতিক কাজের অভিযোগে সৌদি আইনি কাঠামো অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট কাগজপত্র বাংলাদেশকে আগে হস্তান্তর করা হয়নি।

সরকারের তরফ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক জবাব চাওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সৌদি আরব সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পর সাজাপ্রাপ্তদের মরদেহ দেশে ফেরত আনা কিংবা পরবর্তী আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

ডিআর