Image description

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যে জাসদ ছাত্রলীগের সাবেক নেতাদের বক্তব্য দেওয়ার ধরন দেখা যাচ্ছে। তাঁর মতে, জামায়াত আমিরের কিছু বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জামায়াত ইসলামীর আমির মাঝেমধ্যে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, সেই স্টাইলে বক্তব্য দেওয়া তাঁর মধ্যে আমি এখনো লক্ষ করছি।’

জামায়াত আমিরের সরকারকে সহযোগিতা না করার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াতের আমির বলেছেন, তাঁরা নাকি এ সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। দেখেন, এই দেশের জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় রয়েছে। যারা সেই সরকারকে সহযোগিতা করবেন না, তাঁরা কীভাবে জনগণকে সহযোগিতা করবেন?’

জামায়াত আমিরের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের পতনের পর এখন দেশ পুনর্গঠনের সময় এসেছে। প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠনের লক্ষ্যেই দিনরাত পরিশ্রম করছেন বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘এখন আপনাদের দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা। কারণ, জনগণের ভোটে এই সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকারকে সহযোগিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব। সরকারকে যারা সহযোগিতা করতে নারাজ, তারা জনগণকে কোনোভাবেই সহযোগিতা করতে পারে না।’

এনএ