Image description

সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ভিড় এড়াতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে দেশটির সরকার। এর মাধ্যমে ওমরাহযাত্রী ও মুসল্লিরা যেকোনো সময় দুই মসজিদের ভিড়ের পরিস্থিতি সরাসরি জানতে পারবেন। পাশাপাশি ইন্টার‌্যাকটিভ মানচিত্রের সাহায্যে গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং চলাচলের পথও খুঁজে নিতে পারবেন।

সৌদি আরবের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সেবার মাধ্যমে মসজিদুল হারামে কাবা ঘরকে ঘিরে তাওয়াফের স্থান এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ করার পথে ভিড়ের মাত্রা জানা যাবে। ফলে যাত্রীরা ভিড়ের পরিস্থিতি বুঝে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিকল্পনা করতে পারবেন।

নতুন ডিজিটাল সেবায় ভিড়ের সরাসরি চিত্র, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড়ের মাত্রা বোঝানোর বিভিন্ন নির্দেশক রাখা হয়েছে। এতে মসজিদে যাওয়ার আগেই ভিড়ের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

দুই পবিত্র মসজিদকে নিয়ে তৈরি ইন্টার‌্যাকটিভ মানচিত্রের মাধ্যমে মুসল্লি ও দর্শনার্থীরা গুরুত্বপূর্ণ স্থান, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং চলাচলের উপযুক্ত পথ খুঁজে নিতে পারবেন। এতে মসজিদ দুটির ভেতরে চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার তথ্য রয়েছে। মসজিদুল হারামের মানচিত্রে পবিত্র কাবা ঘর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়ার মতো স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে মসজিদে নববীর মানচিত্রে আল রওদাহ আশ শরিফা, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হুজরা, নামাজের মিহরাব ও মিম্বরের মতো গুরুত্বপূর্ণ স্থান তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ১৭টির বেশি শ্রেণিতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথ দেখানো হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এসব পথ ও বিভিন্ন সেবা খুঁজে নিতে পারবেন। দ্রুত তথ্য পাওয়ার সুবিধার্থে রাখা হয়েছে ৬৫০টির বেশি কিউআর কোড। এগুলো স্ক্যান করে দর্শনার্থীরা সংশ্লিষ্ট স্থাপনা, সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইন্টার‌্যাকটিভ মানচিত্রটি মসজিদ দুটির ভেতরে স্থাপিত ছয়টির বেশি ডিজিটাল ডিসপ্লে পর্দার সঙ্গেও যুক্ত। ফলে মুসল্লিরা মসজিদে অবস্থান করেই এসব পর্দায় বিভিন্ন স্থান ও চলাচলের পথ দেখতে পারবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধাও বিবেচনায় রাখা হয়েছে এই প্ল্যাটফর্মে। তাঁদের উপযোগী স্থান ও পথ চিহ্নিত করার পাশাপাশি সবার জন্য সহজে প্রবেশ ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

নতুন এই প্রযুক্তির লক্ষ্য হলো হজ ও ওমরাহযাত্রীসহ মুসল্লিদের চলাচল সহজ করা, ভিড় ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দুই পবিত্র মসজিদে সেবার মান উন্নত করা।

এনএ