আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘নিরাপদ সড়কসমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশে দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসাবে, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১২ বছরে দেশে ৬৯ হাজার ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৯৫ হাজার ৭৬১ জন নিহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ২২ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৯ জন।
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি আবারও বেড়েছে। ২০২৪ সালে ৬ হাজার ৩৫৯টি দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হন। ২০২৫ সালে দুর্ঘটনা বেড়ে ৬ হাজার ৭২৯টি এবং নিহতের সংখ্যা ৯ হাজার ১১১ জনে দাঁড়ায়।
এদিকে রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বরে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জন মোটরসাইকেল আরোহী এবং ১০৬ জন পথচারী।
বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকদের অতিরিক্ত কর্মঘণ্টা, সড়কের নকশাগত ত্রুটি এবং দুর্বল তদারকির কারণে দুর্ঘটনা বাড়ছে। সড়ক নিরাপদ করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।
এসএস




Comments