Image description

যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টিনের সঙ্গে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এসব ছবি ঘিরে দেশটির বিরোধী নেতারা পুরির পদত্যাগ দাবি করে সমালোচনায় সরব হয়েছেন।

প্রকাশিত ছবিতে একটি টেবিলে মুখোমুখি বসে থাকতে দেখা যায় পুরি ও এপস্টিনকে। এর আগে পুরি দাবি করেছিলেন, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে এপস্টিনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তবে নতুন ছবিগুলো ওই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ‘এপস্টিন ফাইলস’-এর একটি ডেটাসেটে বৈঠকটির অন্তত ১০টি ছবি রয়েছে। ছবিটি কোন বৈঠকের, তা পুরির মনে নেই বলে তাঁর দপ্তর জানিয়েছে।

ছবি প্রকাশের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র এবং কংগ্রেস নেতা পবন খেরা পুরির সমালোচনা করেছেন। পবন খেরা দাবি করেছেন, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে পুরি ও এপস্টিনের মধ্যে ৬২টি ই-মেইল আদান-প্রদান হয়েছিল।

ঘটনাটি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এসএস