জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সুপেয় পানির সংকট ও কৃষি খাতে ক্ষতির কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনহাউস গ্যাসের উচ্চ নির্গমন অব্যাহত থাকলে ২১০০ সাল নাগাদ বাংলাদেশে প্রতি বছর গড়ে ১ কোটি ৭৫ লাখ মানুষ উপকূলীয় প্লাবনের শিকার হতে পারে।
এডিবির পূর্বাভাস অনুযায়ী, বিশ্বজুড়ে ২০৫০ সালে উপকূলীয় বন্যায় প্রতিবছর ৩ কোটি ৩০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে। ২১০০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১০ কোটি ৮০ লাখে পৌঁছাতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারের মতো উন্নয়নশীল দেশগুলোতে উপকূলীয় প্লাবনে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে তাদের দারিদ্র্য ও বঞ্চনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এসএস




Comments