প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশকে জীবনের এযাবৎকালের সেরা পরামর্শ হিসেবে অভিহিত করেছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ একবাক্যে মেনে নিয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।
পোস্টে তিনি বলেন, প্রথমে পদত্যাগের নির্দেশকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁকে ঘিরে ক্ষতিকর পরিকল্পনা সাজিয়েছে। তাঁর দাবি, ওই পরিকল্পনার অংশ হিসেবে একের পর এক নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর চরিত্রহনন এবং তাঁকে জনসমালোচনার মুখে ফেলার চেষ্টা করা হতো।
ইশরাক আরও দাবি করেন, তাঁর শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে তাঁকে একঘরে করার পরিকল্পনাও ছিল। এমন পরিস্থিতি তৈরি করা হতো, যাতে তাঁর রাজনৈতিক জীবনের অবসান ঘটতে পারত। অতীতে একই চক্র প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কী ধরনের অন্যায় পরিকল্পনা করেছিল, সে বিষয়টিও তাঁকে মনে করিয়ে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে ইশরাক বলেন, দেশনায়ক তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তাঁর জন্য কোনটি ভালো, তা সব সময় বিবেচনায় রাখেন। জীবনে বারবার এর প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
ইশরাক আরও বলেন, আমরা ঢাকার মানুষ, ক্ষেত-খামারির কূটচাল এখানে চলবে না।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলেন। সেখান থেকে উদ্ভূত একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে নিজেকে সরিয়ে নিয়ে রক্ষা করতে পেরেছেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর বলা কথার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখছেন তিনি। একই সঙ্গে নিজ দলের কেউ সুযোগসন্ধানী হয়ে কোনো পক্ষের সঙ্গে আঁতাত করলে, প্রমাণ সাপেক্ষে এবং অনুমতি নিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এনএ




Comments