ব্যালন ডি’অর জয়ের অপেক্ষায় আছেন হ্যারি কেইন। তবে পুরস্কারের ফল জানার আগের এই সময়টা শুধু বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকারের জন্যই নয়, তার স্ত্রী ও পরিবারের জন্যও বেশ চাপের। আগামী সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামনে রেখে এমন কথাই জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করে এবারের ব্যালন ডি’অর জয়ের অন্যতম ফেবারিট কেইন। বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেও রয়েছেন আলোচনায়।
বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের সঙ্গে বায়ার্নের ২-২ গোলের ড্রয়ের পর পুরস্কার নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন কেইন। ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন তিনি।
কেইন বলেন, ‘আমার মনে হয়, আমার স্ত্রী ও পরিবার আগে থেকেই ফল জানতে পারলে খুশি হতো। সবার জন্যই এটা বেশ চাপের।’
পুরস্কারের বিজয়ীর নাম আগেই প্রকাশ না করার আয়োজকদের সিদ্ধান্তের পেছনের কারণও বুঝতে পারছেন কেইন। তার মতে, ফল অজানা থাকলে অনুষ্ঠানে বড় তারকাদের উপস্থিতি নিশ্চিত করা সহজ হয়। এতে দর্শকদের আগ্রহও বাড়ে।
ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমিও অবশ্যই আগে থেকে জানতে চাইতাম। তাহলে অপেক্ষা করতে হতো না, পুরো রাতটা কী হয় তা দেখার জন্য বসে থাকতে হতো না। তবে এটা আয়োজকদের সিদ্ধান্ত, এখানে আমার কিছু করার নেই। আমাদের অনুষ্ঠানটা উপভোগ করার চেষ্টা করতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তা না করে।’
পুরস্কার নিয়ে গুঞ্জন এড়িয়ে চলার চেষ্টাও করছেন কেইন। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে খুব বেশি ভাবার চেষ্টা করি না। যদিও সেটা কঠিন। সব সময় নানা গুঞ্জন চলতে থাকে। তাই সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি।
এমআর




Comments