Image description

মেডিকেল, প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন: প্রিপারেশন রুলস অ্যান্ড টিপস’। এনায়েতুল্লাহ ফাহাদের লেখা বইটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, প্রস্তুতির কৌশল ও প্রয়োজনীয় দিকনির্দেশনা এক মলাটে তুলে ধরা হয়েছে।

ভর্তি পরীক্ষার তথ্য ও প্রস্তুতির নির্দেশনা খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের যে সময় ব্যয় হয়, তা কমাতে বইটি সহায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, ভর্তি পরীক্ষায় সাফল্যের জন্য মেধার পাশাপাশি সঠিক তথ্য, পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা ও নিয়মিত প্রস্তুতিও গুরুত্বপূর্ণ।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ বলেন, বইটির ইতিবাচক দিক হলো, এতে শুধু কী পড়তে হবে তা নয়; বরং লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা, নিয়মিত প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষার চাপ মোকাবিলার মতো ব্যবহারিক বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ কোনো সূত্রের পরিবর্তে পরিকল্পনা, পরিশ্রম ও অধ্যবসায়ের ওপর জোর দেওয়া হয়েছে বইটিতে।

সাইফুর’সের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান বলেন, বইটি দেশের শিক্ষার্থীদের জন্য নির্ভরতার প্রতীক হয়ে উঠবে বলে তাঁর বিশ্বাস। তাঁর মতে, বিক্ষিপ্ত তথ্যগুলোকে সুবিন্যস্তভাবে একত্র করার উদ্যোগটি প্রশংসনীয়।

‘প্রো উইথ স্বাধিন’ ও ‘ড্রিম ডিইউ’র প্রতিষ্ঠাতা স্বাধীন আহমেদ বলেন, বইটি ভর্তি পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে। এতে সিলেবাস, প্রশ্নপদ্ধতি, বিষয়ভিত্তিক প্রস্তুতি ও পুনরাবৃত্তির কৌশল সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতির পরিকল্পনা ও মানসিক দৃঢ়তার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

লেখক এনায়েতুল্লাহ ফাহাদ জানান, বইটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্ণাঙ্গ প্রক্রিয়া, বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ পরামর্শ, কোচিং ও গাইড নির্বাচন, অনলাইন ও অফলাইনে প্রস্তুতি এবং সফল শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। এ ছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আবাসিক হল ও খাবারের বাস্তব চিত্র এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ধর্মতত্ত্ব বিভাগের বিশেষ দিকনির্দেশনা রয়েছে।

লেখকের ভাষ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় তথ্য ও প্রস্তুতির নির্দেশনা এক মলাটে তুলে ধরাই বইটির অন্যতম বৈশিষ্ট্য।

বইটির প্রকাশক নয়া প্রভাত পাবলিকেশন। ১৭৬ পৃষ্ঠার পেপারব্যাক বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

এনএ