Image description

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে ইঙ্গিত করে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বক্তা মুফতি আমির হামজা। এক ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, অনেকে নিজেদের জ্ঞান অনুযায়ী আমল করেন না; বরং ‘বাতিলের পা-চাটা গোলামি’ করেন।

সম্প্রতি নীলফামারী পৌর মসজিদে আয়োজিত এক ওয়াজ মাহফিলে আমির হামজার দেওয়া বক্তব্য ‘জনি ইসলামিক টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। ওই বক্তব্যে তিনি বায়তুল মোকাররমের খতিবকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেন।

আমির হামজা বলেন, ‘এত বড় মসজিদের খতিব শিরক করবে, এটা মানা যায়? উনি কোন মসজিদের খতিব নন, বায়তুল মোকাররমের। আর আবু জাহেল ছিল কাবা শরিফের সভাপতি।’

তিনি আরও বলেন, কাবা শরিফে এক ওয়াক্ত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। অথচ সেই মসজিদের সভাপতি ছিলেন আবু জাহেল। এ প্রসঙ্গে তিনি নীলফামারী পৌর মসজিদের সভাপতির প্রসঙ্গও টানেন।

ঈমানকে শিরকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে আমির হামজা বলেন, জ্ঞান অনুযায়ী আমল করা প্রয়োজন। তবে অনেকের জ্ঞান থাকলেও তাঁরা সে অনুযায়ী কাজ করেন না। তাঁর ভাষায়, ‘বাতিলের পা-চাটা গোলামি করেন। তার সম্মান জীবনেও বাড়বে না।’

তিনি আরও বলেন, কারও সম্মান হয়তো নিজস্ব গণ্ডির মধ্যে বাড়তে পারে, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও খতিব ওবায়দুল হকের মতো সর্বজনবিদিত মর্যাদা অর্জন করা সম্ভব হবে না—যদি নিজের জ্ঞান অনুযায়ী আমল না করা হয়।